Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফয়েল পেপারের নিরাপদ বিকল্প

সারাবাংলা ডেস্ক
২৬ আগস্ট ২০২৬ ১৭:২০

রান্না করা খাবার গরম রাখতে কিংবা কাবাব-বেকিংয়ের কাজে আমরা অনেকেই চোখ বন্ধ করে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করি। কিন্তু আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলছে, এই সহজ অভ্যাসটিই ধীরে ধীরে আমাদের শরীরে ভারী ধাতুর বিষ ছড়াচ্ছে। বিশেষ করে বেশি আঁচে রান্না করা কিংবা টক জাতীয় খাবারের স্পর্শে এলে এই ফয়েল থেকে অত্যন্ত সূক্ষ্ম অ্যালুমিনিয়াম কণা খাবারের সঙ্গে মিশে যায়, যা দীর্ঘমেয়াদে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

অ্যালুমিনিয়াম ফয়েল কীভাবে ক্ষতির কারণ হয়?

‘ইন্টারন্যাশনাল জার্নাল অব ইলেকট্রোকেমিক্যাল সায়েন্স’-এ প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, অতিরিক্ত তাপে এবং অম্লীয় বা ক্ষারীয় দ্রব্যের সংস্পর্শে এলে অ্যালুমিনিয়াম ফয়েল থেকে ধাতব উপাদান ক্ষয়ে খাবারের সঙ্গে মিশে যায়। একে বলা হয় ‘অ্যালুমিনিয়াম লিচিং’।

বিজ্ঞাপন

বিশেষ করে ওভেনে খুব বেশি তাপমাত্রায় ফয়েল পেপারে মুড়িয়ে রান্না করলে ধাতব কণা মিশে যাওয়ার মাত্রা অনেক বেড়ে যায়। এছাড়া টমেটো, লেবু, দই কিংবা অতিরিক্ত মশলাযুক্ত খাবারে অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় এগুলো ফয়েলে রাখা বা রান্না করা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সাধারণ অ্যালুমিনিয়ামের কড়াই বা হাঁড়িতে রান্নার চেয়ে ফয়েলে মোড়ানো খাবারের মাধ্যমে ভারী ধাতু শরীরে ঢোকার সম্ভাবনা বহুগুণ বেশি।

খাবার দীর্ঘক্ষণ ভালো থাকে, ধারণাটি কি সত্যি?

অনেকেরই ধারণা, ফয়েল পেপারে মুড়ে রাখলে খাবার কয়েকদিন পর্যন্ত ফ্রেশ থাকে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। অ্যালুমিনিয়াম ফয়েল খাবারকে শতভাগ বাতাসমুক্ত বা ‘এয়ারটাইট’ করতে পারে না। ফলে আর্দ্রতার কারণে ফয়েলের ভেতরেই দ্রুত ক্ষতিকর ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে এবং খাবার নষ্ট হয়ে যায়।

নিরাপদ বিকল্প হিসেবে যা ব্যবহার করবেন

কাচ বা স্টিলের পাত্র: প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের চেয়ে ঢাকনাযুক্ত কাচ অথবা ফুড-গ্রেড স্টিলের কনটেইনারে খাবার রাখা সবচেয়ে নিরাপদ।

খাবার আগে ঠান্ডা করুন: ফুটন্ত বা অতিরিক্ত গরম খাবার কখনোই সরাসরি কোনো পাত্রে না রেখে, ঘরের স্বাভাবিক তাপমাত্রায় কিছুটা ঠান্ডা করে তারপর ফ্রিজে স্টোর করুন।

ফুড গ্রেড ব্যাগ ও ক্লিং র‍্যাপ: ফয়েলের বদলে ভালো মানের সিলিকন ফ্রিজার ব্যাগ বা ফুড-গ্রেড ক্লিং র‍্যাপ ব্যবহার করা যেতে পারে, যা খাবারকে বাইরের আর্দ্রতা থেকে সুরক্ষিত রাখে।

ঝটপট কাজ সারতে গিয়ে স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। রান্না ও খাবার সংরক্ষণে সামান্য সচেততাই আপনাকে এবং আপনার পরিবারকে দীর্ঘমেয়াদী নানা শারীরিক জটিলতা থেকে মুক্ত রাখতে পারে। তাই আজই রান্নাঘর থেকে ফয়েল পেপারের যথেচ্ছ ব্যবহার বাদ দিয়ে নিরাপদ বিকল্প বেছে নিন।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর