Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কোন চালের ভাতে ওজন বাড়ে না, জানেন কি? 


১২ নভেম্বর ২০২০ ১৭:৪৪ | আপডেট: ১২ নভেম্বর ২০২০ ১৭:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাছে ভাতে বাঙালি’ এটি হাল আমলের কোনো কথা নয়— যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে চলে আসছে এমন কথা। আসলেই তাই, বাঙালির পাতে ভাত আর মাছ না হলে খিদে যেন মেটেই না। এমন খাবারে তৃপ্ত হলেও চিন্তা কিন্তু থেকেই যায়। চিন্তার কারণটা ভাত নিয়ে।

অনেকেই বলেন, “ভাত খাস না রে মোটা হয়ে যাবি!” চলুন জেনে নিই আদৌ ভাতের সঙ্গে শরীরের ওজন বাড়ার কোনো সম্পর্ক আছে কিনা—

বিশ্বের বিভিন্ন দেশের অধিকাংশ মানুষ নানা ভাবে ভাত খেয়ে থাকেন। বিশেষত, এশিয়া মহাদেশে ভাত খেতে অভ্যস্ত লোকের সংখ্যা সবচেয়ে বেশি। আমাদের দেশে ভাতের সঙ্গে নানা পদের সমাহারে ভোজন রসিকদের রসনা তৃপ্ত হয়ে থাকে।

একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে, ভাতের একাধিক গুণ রয়েছে। যেমন ধরুন— আমাদের শরীরে শক্তি বাড়ানোর পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভাতের কোনো বিকল্প হয় না বললেই চলে। ভাতের গুণ থাকলেও অনেকেই ভাতকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। তাদের অভিযোগ, শরীরে অতিরিক্ত মেদ বৃদ্ধিতে ভাতের ভূমিকা আছে। একথা কি আসলেই সত্যি?

বিজ্ঞাপন

পুষ্টি বিজ্ঞান বলছে, ভাতে আছে ফ্যাট, প্রোটিন, ভিটামিন এবং মিনারেল। শুধু তাই নয়, চালের বেশিরভাগটা জুড়েই রাজত্ব করছে কার্বোহাইড্রেট। তাই ডায়াটেশিয়ানরা ভাতকে মূলত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার হিসেবে বিবেচিত করে থাকেন। আর একথা তো সকলেরই জানা যে, আমাদের শরীরের কর্মক্ষমতা বাড়াতে কার্বোহাইড্রেটের গুরুত্ব অপরিসীম। যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য ভাত খাওয়াটা জরুরি।

তবে একটি বিষয় মনে রাখতে হবে, সাদা চালের ভাত বেশি খেলে ওজন বাড়ার আশঙ্কা থাকে। কিন্তু লাল চালের খেলে অতটা ওজন বাড়ে না। শুধু তাই নয়, সাদা চালের ভাতের তুলনায় লাল চালের ভাতে ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট অনেক বেশি পরিমাণে থাকে। ফলে নিয়মিত লাল চালের ভাত খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে না বললেই চলে।

ডায়াটেশিয়ানরা বলছেন, কোনো ধরনের ভাতেই ফ্যাটের পরিমাণ বেশি থাকে না। তাই শুধুমাত্র ভাত খেয়ে কেউ মোটা হয়ে যায় না। ভাতের সঙ্গে অধিক ফ্যাট যুক্ত খাবার যুক্ত হলেই মোটা হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই ভাতের সঙ্গে আর কী কী খাচ্ছেন সেদিকে খেয়াল রাখুন। সাদা চালের ভাতের পরিবর্তে লাল চালের ভাত খাওয়ার চেষ্টা করুন।

সূত্র: বোল্ডস্কাই