Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লেখমালার যুগপূর্তিতে দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬ ১৮:২৬ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৮:৩৪

লেখমালার যুগপূর্তিতে দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা: কবি মামুন মুস্তাফা সম্পাদিত মন ও মননের ছোটকাগজ লেখমালা যুগপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘লেখমালা যুগপূর্তি উৎসব’। শনিবার (১১ এপ্রিল) ঢাকার মিরপুরে অবস্থিত ঋদ্ধি প্রকাশনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল আড্ডা, ছোটকাগজ ও কবিতাবিষয়ক তিনটি মুক্ত আলোচনা, কবিকণ্ঠে কবিতা পাঠ, পুরস্কার ও সম্মাননা প্রদান। সবশেষে বাচিকশিল্পী নাজমুল আহসানের পরিচালনায় শব্দকল্পদ্রুম পরিবেশিত আবৃত্তি প্রয়োজনা ‘রূপসী বাংলা’।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আতা সরকার, কবি আসাদ মান্নান, গবেষক মোহাম্মদ জয়নুদ্দীন, কথাসাহিত্যিক মোস্তফা কামাল এবং ত্রৈমাসিক সাহিত্যকাগজ অনুপ্রাণনের সম্পাদক আবু এম ইউসুফ।

বিজ্ঞাপন

অতিথিরা তাদের বক্তব্যে লেখমালার যুগপূর্তিকে বাংলাভাষী লিটল ম্যাগাজিন আন্দোলনের নিবেদিত লেখক ও শুভানুধ্যায়ীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেন। এক্ষেত্রে তারা লেখমালার সম্পাদক ও কবি মামুন মুস্তাফার সাহিত্যবোধ, রুচি ও অভিজ্ঞতার গহিন রূপবৈচিত্র্যের বিষয়টিও তুলে ধরেন। পরিশেষে অতিথিরা লেখমালার ধারাবহিক অগ্রযাত্রার সাফল্য কামনা করেন।

১২ বছর পূর্তি উপলক্ষ্যে সাহিত্যে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ২০২৬’ পেয়েছেন ভিন্নমাত্রার কথাসাহিত্যিক সৈয়দ রিয়াজুর রশীদ এবং ছোটকাগজে বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব নিসর্গ-এর সম্পাদক সরকার আশরাফ। এ ছাড়া, লেখমালা সম্মাননা ২০২৬ প্রদান করা হযেছে অপেক্ষাকৃত তরুণ তিন কবি, গল্পকার ও গবেষককে। তারা হলেন যথাক্রমে মামুন রশীদ, শ্রাবণী প্রামানিক এবং বঙ্গ রাখাল। এতদসঙ্গে লেখমালা প্রবর্তিত শিক্ষা ক্ষেত্রে শিক্ষাবিদ ‘গোলাম রসূল স্মৃতিপদক’ অর্জন করেছেন অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন।

লেখমালার দিনব্যাপী এই অনুষ্ঠান দেশের বরেণ্য কবি-সাহিত্যিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হয়েছিল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. তানভীর উদ্দিন খান এবং রিজোয়ানা আনোয়ার বর্না।

উল্লেখ্য, লেখমালা বিগত সময়ে আরও চারবার সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে দেশের বরেণ্য গুণিজনকে লেখমালা সম্মাননা প্রদান করেছে।

সারাবাংলা/পিটিএম