Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর ট্রলারের সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১২:২৪ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৪:৩৮

সিরাজগঞ্জ: নদীতে নতুন পানি আসায় নৌকা বাইচ প্রতিযোগিতার মহড়া চলাকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্যালো ইঞ্জিনচালিত বরযাত্রীবাহী ট্রলারের সঙ্গে বাইচ নৌকার সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪-১৫ জন।

শনিবার (৩০ আগস্ট) সকালে উল্লাপাড়া মডেল থানার এএসআই ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের রহিজ মন্ডল (৫০) ও একই ইউনিয়নের নরসিংহপাড়া গ্রামের নুর মোহাম্মদ (৪৫)।

স্থানীয়রা জানান, চাকসা দক্ষিণপাড়া এলাকার ‘মায়ের দোয়া’ নামের নৌকাবাইচ দল মহড়া শেষে ফেরার পথে দহকুলা ব্রিজের কাছে বরযাত্রীবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা খায়। এতে পুরো বাইচের নৌকাটি ডুবে যায়। নৌকার সব যাত্রী পানিতে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

বিজ্ঞাপন

বাবু নামের এক বাইচাল বলেন, ‘মহড়া শেষে ফেরার পথে একটি বরযাত্রীবাহী ট্রলার আমাদের নৌকার ওপর উঠে যায়। এতে ১৪-১৫ জন পানিতে পড়ে যায়। এখনও কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’

উল্লাপাড়া মডেল থানার এএসআই ওমর ফারুক বলেন, ‘সংঘর্ষে বাইচ দলের দুই সদস্য ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে।’

সারাবাংলা/এমপি