Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমার কাছে আ.লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত সবই এক: রুমিন ফরহানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৩

রুমিন ফরহানা।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফরহানা বলেছেন, আমি কোনো দলের প্রার্থী নই, আমি আপনাদের প্রার্থী। আমি কোনো দল চিনি না, দলের লোকও চিনি না। আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত সব দলই এক। যেটা ইনসাফ, যেটা ন্যায়, যেটা ন্যায্য ও আইনসম্মত একজন এমপি হিসেবে সেটাই করব।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় এক নির্বাচনি জনসভায় তিনি বলেন, ‘আমার কানে অনেক রকম খবর আসছে। বিভিন্ন ভোটারের বাড়ি বাড়ি গিয়ে টাকা ও উপহার দেওয়া হচ্ছে। আমার অনুরোধ থাকবে টাকা ও উপহার নেবেন, কিন্তু ভোট দেবেন হাঁস মার্কায়।’

বিজ্ঞাপন

রুমিন ফরহানা আরও বলেন, যারা টাকা দিয়ে ভোট কেনে, তারা পরে সেই টাকাই আপনাদের হক থেকে মেরে খায়। আজ যারা উপহার নিয়ে আপনার দরজায় আসছে, নির্বাচিত হওয়ার পর তাদের খুঁজেও পাবেন না।

তিনি আরও যোগ করেন, ‘আমি কারও সঙ্গে ঝগড়া–ফ্যাসাদ করি না। তবে কেউ যদি আমার সঙ্গে লাগতে আসে, আমি তাকে ছাড়ি না। নির্বাচন কমিশনে আমার দুটি ইউনিয়ন নিয়ে মামলা চলার সময় আপনারা দেখেছেন কী হয়েছে। কিছুদিন আগে প্রশাসন যখন আমার সঙ্গে জুলুম করেছে, তখনও আপনারা দেখেছেন। আমি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করি না।’

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ অন্তর স্থির রাখবেন। হাঁস মার্কার বাইরে যেন আপনাদের একটি ভোটও না যায়।’

হাঁস মার্কা প্রসঙ্গে রুমিন ফরহানা বলেন, ‘হাঁস মার্কা হলো বড় দলের অত্যাচারের বিরুদ্ধে প্রতীক। এসব অত্যাচার থেকে মুক্তি পেতে আপনারা হাঁস মার্কায় ভোট দিন।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর