Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লাকে দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে: খাদ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০০

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

কুমিল্লা: কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষি ও শিল্পের সমন্বিত উন্নয়নের মাধ্যমে কুমিল্লাকে দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার গণতান্ত্রিক মূল্যবোধ, আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও সমন্বিত পরিকল্পনাকে অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকালে নেউরা এম.আই. উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, কুমিল্লার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত। কৃষি উন্নয়নে ড. আখতার হামিদ খানের ‘কুমিল্লা মডেল’ বিশ্বে একটি সফল উদাহরণ হিসেবে বিবেচিত। এই মডেলকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুনভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, কৃষকবান্ধব নীতি প্রণয়ন, উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক পরিকল্পনা গ্রহণ করা হবে। ‘আমি নিজেও কৃষির মানুষ। মাঠের কৃষকের সমস্যা-সম্ভাবনা সম্পর্কে অবগত,’-যোগ করেন তিনি।

কুমিল্লায় রপ্তানিমুখী শিল্পকারখানার সম্প্রসারণকে ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিল্পায়নের ফলে স্থানীয় অর্থনীতি গতিশীল হয়েছে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। শিল্পাঞ্চল সম্প্রসারণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, যোগাযোগব্যবস্থা উন্নয়ন ও মানবসম্পদ বিকাশে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, কুমিল্লা দীর্ঘদিন ধরে ব্যাংকিং ও শিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত। এ অবস্থানকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা স্থানীয় জনগণের ন্যায্য দাবি উল্লেখ করে তা বাস্তবায়নে ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।

ভাষা দিবসের অনুষ্ঠানে প্রাথমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্রনির্মাতা। তাদের মানসিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা গেলে দেশ পাবে দক্ষ ও মানবিক প্রজন্ম।’

তিনি শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তিনির্ভর পাঠদান, প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী ও উপযোগী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সমাজের সামর্থ্যবান নাগরিকদের শিক্ষাখাতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

নিজ দায়িত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য খাত দেশের অর্থনীতির ভিত্তি। উৎপাদন বৃদ্ধি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও খাদ্য নিরাপত্তা জোরদারের মাধ্যমে দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভাষা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মো. জহিরুল ইসলাম। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর