Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুতুবদিয়া সৈকতে ফের ভেসে এলো মৃত তিমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ০৯:৫০ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১০:৫৩

মৃত তিমি

কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সমুদ্রসৈকতে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা বালুচরে গর্ত করে তিমিটির মৃতদেহ পুঁতে ফেলেছেন।

শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের পশ্চিম সমুদ্রসৈকতে তিমিটি ভেসে আসে। পরে স্থানীয় উদ্যোগে একটি এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে বালিয়াড়িতে গর্ত করে তিমিটির মৃতদেহ মাটিচাপা দেওয়া হয়।

দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেরা প্রথমে তিমিটিকে দেখতে পান। কয়েকটি ট্রলার মিলে রশি দিয়ে টেনে সেটিকে কুতুবদিয়া উপকূলের কাছাকাছি নিয়ে আসেন। পরে তিমিটি মৃত এবং দেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে বুঝতে পেরে সেটিকে সাগরে ভাসমান অবস্থায় রেখে চলে যান। পরবর্তীতে জোয়ারের পানিতে তিমিটি ভেসে পশ্চিম সমুদ্রসৈকতের বালিয়াড়িতে আটকে যায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, মৃত তিমিটির দেহ ধীরে ধীরে ফুলে ওঠে। এ অবস্থায় দেহে হাইড্রোজেনসহ বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়ে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে, যা আশপাশের মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত ব্যবস্থা নিয়ে একটি এক্সকাভেটর দিয়ে বালিয়াড়িতে গর্ত করে কয়েক ঘণ্টার চেষ্টায় তিমিটিকে পুঁতে ফেলা হয়।

চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ আরও বলেন, তিমিটির দেহ যেভাবে ফুলে গেছে, তাতে এর ওজন দুই থেকে তিন টনের বেশি এবং দৈর্ঘ্য প্রায় পাঁচ থেকে ছয় মিটার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত এ ধরনের কাজ উপজেলা প্রশাসন বা পরিবেশ অধিদফতরের মাধ্যমে করা হয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত না থাকায় এলাকাবাসীর স্বার্থে স্থানীয়ভাবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে মৃত তিমিটি মাটিচাপা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অনেক সময় এ ধরনের মৃত তিমি ফেটে গেলে প্রচণ্ড গ্যাস বের হতে পারে। এতে আশপাশের মানুষের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই স্বাস্থ্যঝুঁকি এড়াতে দ্রুত এটি মাটিচাপা দেওয়া হয়েছে।

কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক মাহবুবুল হক বলেন, পশ্চিম সমুদ্রসৈকতে মৃত তিমি ভেসে আসার বিষয়টি রাতে জানা গেছে। দুর্গন্ধ ছড়ানোর কারণে স্থানীয় চেয়ারম্যান ও বাসিন্দারা বালুচরে গর্ত করে তিমিটি পুঁতে ফেলেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে গত ১ মার্চ বিকেলে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মিয়ারকাটা এলাকার সমুদ্রতীরেও একটি মৃত তিমি ভেসে আসার ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন আগে গভীর সমুদ্রে প্রাণীটির মৃত্যু হয়ে স্রোতের টানে তীরে ভেসে আসে।

স্থানীয় পরিবেশকর্মীরা বলছেন, এ ধরনের বড় সামুদ্রিক প্রাণীর মৃত্যু সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য উদ্বেগজনক। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, পরিবেশগত কোনো ঝুঁকি থাকলে তিমিটির মৃতদেহ পুঁতে ফেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর