Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৮:৫৪ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০০:৩০

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত

ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডাক বিভাগ একটি সেবামুখী প্রতিষ্ঠান, তাই জনগণের আস্থা অর্জনই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেবার মান উন্নত করা গেলে ডাক বিভাগের প্রতি মানুষের বিশ্বাস আরও দৃঢ় হবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর জিপিও পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা জিপিও দেশের ডাক বিভাগের একটি ঐতিহ্যবাহী ও ল্যান্ডমার্ক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও কার্যকর রাখা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ডাক বিভাগকে আরও আধুনিক ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, ডাক বিভাগের এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসটি আমাদের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আমরা চাই এটি কার্যকরভাবে ব্যবহৃত হোক।

সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে সচিব আরও বলেন, দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেরামত ও যথাযথ ব্যবহারের উদ্যোগ নিতে হবে, যাতে ভবিষ্যতে এ সম্পদ নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। প্রয়োজনে অর্থায়ন বা অন্যান্য সহায়তার বিষয়ে মন্ত্রণালয় সহযোগিতা করবে।

পরিদর্শনকালে মন্ত্রীকে জিপিওর সার্বিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং অবকাঠামোগত বিভিন্ন দিক সম্পর্কে অবগত করা হয়।

ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এর সভাপতিত্ব সভায় ডাক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী বিটিসিএল এর প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর