Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ৯

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৪:১৩ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৬:২৫

প্রতীকী ছবি।

বগুড়া: ঢাকা থেকে বাড়ি ফেরার সময় বগুড়ায় একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তিন শিশুসহ আরও ৯ জন দগ্ধ হয়েছেন। হতাহতরা সবাই ঈদের ছুটিতে কাটাতে গ্রামে যাচ্ছিলেন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। আহতরা হলেন, ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)। বুধবার (১৮ মার্চ) দুপুর ১টা পর্যন্ত নিহত ও আহতদের কারো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৯-৩০৪১) উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো গাড়িতে আগুন ধরে যায়।

মহাসড়কের পাশে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে যাত্রীদের বের হওয়ার সুযোগ খুব কম ছিল। চালক গাড়ির ভেতরেই দগ্ধ হয়ে মারা যান। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন বলেন, হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়। মোট নিহতের সংখ্যা তিনজন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/ইউজে/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর