Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফ থেকে নিখোঁজ কিশোরী চট্টগ্রামে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ২০:৩৬

র‌্যাবের লোগো। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী এক কিশোরীকে চট্টগ্রাম মহানগরী থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-১৫ ও র‍্যাব-৭’র যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে র‍্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া কিশোরীর নাম উম্মে আফসানা (১৩)। তার বাড়ি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায়। গত ১১ মার্চ রাত ৮টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হয় সে। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে ১৯ মার্চ টেকনাফ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বিজ্ঞাপন

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানিয়েছেন, নিখোঁজের পর কিশোরীকে উদ্ধারে র‍্যাব-১৫’র টেকনাফ ক্যাম্প গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকায় শনাক্ত করা হয়। বিষয়টি র‍্যাব-৭, চট্টগ্রামকে জানানো হলে যৌথভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১২টার দিকে পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে উম্মে আফসানাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

আ. ম. ফারুক নিশ্চিত করেন, উদ্ধার হওয়া কিশোরীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর