Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর হাতিয়ায় প্রায় ৭ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ২০:৩৬

জব্দ হওয়া জ্বালানি তেল ও আটক হওয়া ৪ জন।

নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে আসা ৬ হাজার ৮১৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। এ সময় কাঠের নৌকাসহ চারজনকে আটক করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে নলচিরা ঘাট এলাকার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত তেলের বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

আটককৃতরা হলেন হাতিয়ার নলচিরা এলাকার মোশাররফ হোসেনের ছেলে মিলন (২২), একই এলাকার কবির উদ্দিনের ছেলে রিয়াজ (২০), কামরুল হাসানের ছেলে স্বপন (২২) ও সমির উদ্দিনের ছেলে ফয়েল (১৯)।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল থেকে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড হাতিয়ার একটি দল। অভিযানকালে নলচিরা ঘাটসংলগ্ন মেঘনা নদীতে বিদেশি তেলবাহী জাহাজ হতে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮ শত লিটার পেট্রোল, ২ হাজার ১৫ লিটার ডিজেল এবং পরিবহণ কাজে ব্যবহৃত দু’টি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ৪ জনকে আটক করা হয়।

জব্দকৃত অবৈধ জ্বালানি তেল ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির বলেন, ‘চোরাচালান রোধে ও দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।’