Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিনা খরচে ঘর বাঁধল ৪ দম্পতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ২২:৪৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২২:৪৯

কক্সবাজার: কোলাহলমুক্ত এক উঠান। চারপাশে স্বজনদের ভিড়। মাঝখানে সাজানো মঞ্চ, সেখানে বসে নতুন জীবনের স্বপ্নে বিভোর চার জোড়া যুবক-যুবতী। হাসি, আবেগ আর আশীর্বাদের মিলনমেলায় এমনই এক মানবিক আয়োজনের সাক্ষী হলো কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের বাসিন্দারা।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে শিলখালী ইউনিয়নের পেঠান মাতবর পাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোছাইনের বাড়িতে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী গণবিবাহ অনুষ্ঠান। কামাল হোছাইনের ব্যক্তিগত অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে ৪ নব দম্পতির বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, অনুষ্ঠান ঘিরে ছিল এক আবেগঘন পরিবেশ। স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এরপর নবদম্পতিদের জন্য দোয়া ও শুভকামনা জানান অতিথিরা। নতুন জীবনের শুরুতে এমন আয়োজন যেন তাদের জন্য এক নতুন আশার আলো হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের জন্য বিয়ে দেওয়া অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় এই গণবিবাহ আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং চারটি পরিবারের জন্য স্বস্তি ও সম্ভাবনার নতুন দিগন্ত।

অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান কামাল হোছাইন। এতে বক্তব্য দেন সমাজসেবক বেলাল উদ্দিন আহমদ, বশির আহমদ, ফরিদুল আলম সিকদার, অধ্যাপক সালাহ উদ্দিন, মাওলানা মনজুর আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আনসারী ও স্থানীয় ব্যক্তি নেজাম উদ্দিন।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়। বিত্তবানদের এমন মানবিক কাজে এগিয়ে আসা উচিত।

চেয়ারম্যান কামাল হোছাইন বলেন, “আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার ইচ্ছা রয়েছে।”

স্থানীয়দের মতে, এই আয়োজন সমাজে সহমর্মিতা, দায়িত্ববোধ ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন উদ্যোগ অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর