Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় অবৈধ ডিজেল মজুতে কারাদণ্ড ও জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১২:৫৭

অভিযানের মুহূর্ত।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করার দায়ে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের কারিগরপাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘর থেকে ৬৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল্লাহ আল শামীম।

স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম আগে মুদি ও জ্বালানি তেলের ব্যবসা করলেও বর্তমানে ছিট কাপড়ের ব্যবসা করেন। তবে ব্যবসা পরিবর্তনের পরও লাইসেন্স ছাড়া তিনি নিজ বাড়িতে বিপুল পরিমাণ ডিজেল মজুত করেন। বাজারে জ্বালানি তেলের সংকট চলাকালে মুনাফার আশায় তিনি এসব তেল বাজারে সরবরাহ না করে গোপনে সংরক্ষণ করে আসছিলেন।

বিজ্ঞাপন

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীন বিষয়টা জানতে পারেন। তিনি ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হওয়ার পর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারকে অবহিত করেন। তার নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জব্দ করা ৬৪৫ লিটার ডিজেল বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীনের জিম্মায় রাখা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে এসব তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল শামীম বলেন, ‘বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করে যারা জনদুর্ভোগ সৃষ্টি করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’