Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেরিন ড্রাইভের পাশের বনভূমি থেকে ৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ০০:১৩

কক্সবাজার: কক্সবাজার সদর রেঞ্জের কলাতলি বিটের ঝিলংজা মৌজায় মেরিন ড্রাইভ সড়কের পাশে সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে কলাতলি বিটের শুকনাচড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কলাতলি বিট কর্মকর্তা ক্যাচিং মারমার নেতৃত্বে বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, মেরিন ড্রাইভের পাশে সংরক্ষিত বনভূমির ঝিলংজা মৌজার ওই এলাকায় সম্প্রতি কিছু ব্যক্তি অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ছোট আকারের দোকান বসিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেন। এতে সংরক্ষিত বনভূমির পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ে।

বিজ্ঞাপন

অভিযানে বন বিভাগের দল ছয়টি অবৈধ দোকান উচ্ছেদ করে এবং ভবিষ্যতে সেখানে নতুন করে কোনো স্থাপনা গড়ে না তোলার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করে।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি সুযোগ বুঝে মেরিন ড্রাইভসংলগ্ন এলাকায় দোকান গড়ে তুলছিলেন। বন বিভাগের দ্রুত অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

অভিযান শেষে কলাতলি বিট কর্মকর্তা ক্যাচিং মারমা বলেন, ‘সংরক্ষিত বনভূমির ভেতরে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা বাণিজ্যিক কার্যক্রম চালানোর সুযোগ নেই। পরিবেশ ও বন রক্ষায় নিয়মিত অভিযান চলবে এবং যেকোনো ধরনের দখলদারিত্ব কঠোরভাবে দমন করা হবে।’

কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, ‘মেরিন ড্রাইভসংলগ্ন এলাকাটি পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল। তাই ভবিষ্যতে যাতে কেউ নতুন করে দখল বা স্থাপনা গড়ে তুলতে না পারে, সে বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উচ্ছেদ করা দোকানগুলো অস্থায়ী হলেও তা সংরক্ষিত বনভূমির নিয়ম ভঙ্গ করে স্থাপন করা হয়েছিল। এ ধরনের অবৈধ দখল পরিবেশের ক্ষতির পাশাপাশি পর্যটন এলাকার সৌন্দর্যও নষ্ট করে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর