Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লিফটের গর্তে ফেলে কলেজছাত্রকে হত্যা, পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ২০:১১ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২২:০৪

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় কলেজছাত্র আশফাক কবির সাজিদকে (১৭) ৮তলা থেকে লিফটের গর্তে ফেলে হত্যার ঘটনায় পলাতক আসামি অনিক দাস(২০-কে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ারা থানাধীন সরকার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আসামি অনিক দাস আনোয়ারা থানার কৈনপুরা গ্রামের যীশু দাসের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আশফাক কবির সাজিদ হত্যা মামলার পলাতক আসামি অনিক দাস আনোয়ারা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ারা থানাধীন সরকার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ১২ এপ্রিল রোববার বিকেলে আশফাককে তার বন্ধু ফারদিন হাসান মুঠোফোনে কল দিয়ে বাকলিয়া এক্সেস রোডের মৌসুমি আবাসিক এলাকায় ডেকে নেয়। সেখানে পৌঁছালে আইমন, অনিক, রানা, মাইকেল, ইলিয়াস, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েসসহ একদল তরুণ তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে তুলে নিয়ে যায়। একপর্যায়ে তাদের হাত থেকে বাঁচতে আশফাক কাছের একটি নির্মাণাধীন ভবনে ঢুকে গেট বন্ধ করে আটতলায় উঠে যায়। তবে হামলাকারীরা গেটে ধাক্কা দিলে নিরাপত্তাকর্মী এনামুল হক গেট খুলে দেন।

সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে এলোপাতাড়ি মারধর করে ভবনের ৮ম তলার লিফটের খালি জায়গা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এসএন/এসএস