Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ২৩:৪৯ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১২:৫৬

হাসান তারেক খাঁন।

ঢাকা: এস আলমের মালিকায় থাকা আভিভা ফাইন্যান্সে এবার প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের পরিচালক হাসান তারেক খাঁনকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপিল) বাংলাদেশ ব্যাংক নতুন প্রশাসক নিয়োগের নির্দেশনা জারি করেছে।

জানা গেছে, আভিভা ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ। একসময় ব্যবস্থাপনা পরিচালক ছিলেন আর্থিক খাতে আলোচিত প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)। মূলত ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রতিষ্ঠানটির পর্ষদ ভেঙে স্বতন্ত্র পরিচালনা পর্ষদ বসায় বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন এমডি না থাকায় প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ কার্যক্রম ব্যাহত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের মেয়াদে অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি বেশির ভাগ ঋণখেলাপি হয়ে পড়েছে। গ্রাহকেরা টাকা ফেরত পাচ্ছেন না। মাঝেমধ্যে গ্রাহকেরা প্রতিবাদ করছেন।

বিজ্ঞাপন

আভিভা ফাইন্যান্সের স্বতন্ত্র পরিচালক এইচ এম মোশাররফ হোসেন বলেন, ‘অনেক ঋণগ্রহীতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে আদায় কম হচ্ছে। দীর্ঘদিন এমডি ছিল না। এখন প্রশাসক দেওয়ায় কার্যক্রম জোরদার হবে।’

খোজ নিয়ে জানা গেছে, সমস্যাগ্রস্ত ৬টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আভিভা ফাইন্যান্সও রয়েছে। এসব প্রতিষ্ঠান বন্ধের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের। যদিও বহুল আলোচিত প্রশান্ত কুমার (পিকে) হালদার ছিলেন রিলায়েন্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। পিকে হালদারের মেয়াদকালে প্রতিষ্ঠানটি প্রায় লুট হয়ে যায়। ফলে খেলাপি ঋণের হার বেড়ে ৮০ শতাংশেরও বেশি দাঁড়ায়। পিকে হালদার দেশত্যাগ করলে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে আভিভা ফাইন্যান্স রাখা হয়। তবে নাম পরিবর্তনের পরও এটি ঘুরে দাঁড়াতে পারেনি।

এদিকে ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েকটি ব্যাংক থেকে এস আলম গ্রুপকে সরানোর উদ্যোগ শুরু হলে আভিভা ফাইন্যান্স থেকেও সরে যান সাইফুল আলম। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। পরে নতুন চারজন স্বতন্ত্র পরিচালক দিয়ে পর্ষদ পুনর্গঠন করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা।

সারাবাংলা/এসএ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর