Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্রোতে ডুবতে থাকা বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের করুণ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ২২:২০ | আপডেট: ৪ মে ২০২৬ ১০:৩১

নদীর স্রোত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে ডুবে মারা গেছেন ছেলে লিমন মিয়া। ছবি: সংগৃহীত

রংপুর: জেলার পীরগঞ্জে নদীর স্রোত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে লিমন মিয়া নামে নববিবাহিত এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। রোববার (৩ এপ্রিল) বেলা ২টার দিকে আখিরা নদীর প্রবল স্রোতে ডুবে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোফফার আলী বাড়ির পাশের আখিরা নদী পার হয়ে নিজের জমি থেকে কাটা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি গেলে হঠাৎ প্রবল স্রোতে তিনি ডুবে যেতে থাকেন। তখন বাঁচার জন্য তিনি চিৎকার দিলে নদীর তীরে থাকা ছেলে লিমন মিয়া আত্মহারা হয়ে পড়েন। কিন্তু, তিনি সাঁতার ভালো জানতেন না।

এলাকাবাসী জানায়, তবুও বাবার প্রাণ বাঁচাতে লিমন দ্রুত নদীতে ঝাঁপ দেন। কিন্তু এই আত্মত্যাগ পরিণত হয় আত্মঘাতী প্রচেষ্টায়। বাবার কাছে পৌঁছানোর আগেই লিমন নিজেই স্রোতের টানে তলিয়ে যান।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে লিমনের মরদেহ উদ্ধার করেন। অন্যদিকে, লিমনের বাবা গোফফার আলীকে গুরুতর অসুস্থ অবস্থায় নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলেছে। এখনো তার জ্ঞান ফিরেনি।

মাদারপুর গ্রামের স্থানীয় বাসিন্দা মাহমুদুল বলেন, ‘লিমনের বাবাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জানে না তার রক্তের ধন আর এ পৃথিবীতে নেই। বাপ-চাচাদের বংশের একমাত্র ছেলে ছিল লিমন। সে সাঁতার কম জানতো, তবুও বাবার জীবন বাঁচাতে নদীর প্রবল স্রোতে লাফিয়ে পড়ে।’

রামনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ জালাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সম্প্রতি ঘর-সংসার জমানো লিমনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর