Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, অবৈধ কারখানা বন্ধের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ২১:৫৬

অভিযান চলাকালীন মুহূর্ত।

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিসিক শিল্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদফতর নোয়াখালী ও উপজেলা প্রশাসনের যৌথ টিম বিসিক এলাকায় এ অভিযান চালায়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ (১) ধারায় ‘তানিশা প্যাকেজিং’ নামের একটি অবৈধ পলিথিন কারখানার মালিক নুর মোহাম্মদ জনিকে (২৮) ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে কারখানা থেকে উৎপাদিত ১৮৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একইসঙ্গে কারখানাটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার বিষয়ে মালিকের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদফতর নোয়াখালীর উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বেগমগঞ্জ মডেল থানার একদল পুলিশ সদস্য অংশ নেন।

পরিবেশ রক্ষা ও অবৈধ পলিথিন উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান অভিযান সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর