Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লবণের আড়ালে কোটি টাকার ইয়াবা পাচার, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৬ ২৩:২৯ | আপডেট: ১৯ জুন ২০২৬ ০৩:৪৯

উদ্ধার হওয়া ১৬টি প্যাকেট ইয়াবা। ছবি: সংগৃহীত

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লবণ পরিবহনের আড়ালে পাচারের সময় একটি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিশেষ অভিযানে পাচারচক্রের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটির গোপন প্রকোষ্ঠ কেটে ইয়াবার চালান উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জ জেলার শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যান চালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, চট্টগ্রাম থেকে একটি ইয়াবার চালান ঢাকার উদ্দেশ্যে পাচার করা হচ্ছে। এ সময় চৌদ্দগ্রাম এলাকায় একটি প্রাইভেটকারকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে পুলিশ।

জিজ্ঞাসাবাদে প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা স্বীকার করেন, তারা একটি কাভার্ডভ্যানকে স্কট দিচ্ছিলেন এবং ওই গাড়িতে মাদকদ্রব্য বহন করা হচ্ছিল।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ওপরের অংশে বিশেষভাবে তৈরি করা গোপন স্থানে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। তবে গোয়েন্দা নজরদারি ও তথ্যভিত্তিক অভিযানের কারণে তাদের অপতৎপরতা ব্যর্থ হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবার চালানটি দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর