গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী দুলালি বেগমকে (৫৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী বিরাজ মিয়াকে আটক করেছে পুলিশ। ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার।
নিহত দুলালি বেগম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে।
আটককৃত বিরাজ কাটাবাড়ী ইউনিয়নের সদর কলোনি গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে ১৯ বছর আগে নিজের শাশুড়িকে হত্যার অভিযোগও রয়েছে। তার স্ত্রী দুলালী বেগমই তাকে ওই মামলায় কারাগার থেকে জামিন করিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলের দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী দুলালীর বুকে একের পর এক ছুরিকাঘাত করে স্বামী বিরাজ। এতে ঘটনাস্থলেই মারা যান দুলালি। অবস্থা বেগতিক দেখে পাশের জমিতে পাটক্ষেতে আত্মগোপন করেন বিরাজ। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয় এবং গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাকে থানায় নেয়।
দুলালী বেগম হত্যার ঘটনার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মণ জানান, ২০০৭ সালে বিরাজের বিরুদ্ধে তার শাশুড়ি সেলিনা বেগমকে হত্যার অভিযোগে একটি মামলা হয়। নিহত সেলিনা বেগমের ভাই মামলাটি দায়ের করেছিলেন। এ মামলায় কারাগারে থাকাকালে তার স্ত্রী দুলালী বেগম তাকে জামিনে মুক্ত করিয়েছিলেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বলেন, ‘স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত বিরাজকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’