সিলেট: কাতারের আল শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ২টায় স্থানীয় আকুনি মাদরাসা মাঠে একসঙ্গে জানাজার নামাজ শেষে তাদের নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
শেষবারের মতো প্রবাসীদের দেখতে এবং জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ মাঠে সমবেত হন। একসঙ্গে পাঁচ প্রবাসীর মৃত্যুর ঘটনায় পুরো কানাইঘাট উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ব্যক্তিরা হলেন—ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মুস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ।
এর আগে, মঙ্গলবার সকালে পাঁচ প্রবাসীর কফিনবন্দী মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহগুলো স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
পরে সকাল সাড়ে ১১টার দিকে পাঁচটি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলোকে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হলে সেখানে স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত রোববার (২১ জুন) কাতারের শাহানিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হন; যাদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি ও সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ছিলেন।