খুলনা: জেলার দিঘলিয়ায় সমীর ভট্ট (৪০) নামের এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সমির ভট্ট কেটলা গ্রামের রবিন ভট্টের ছেলে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে সমির ভট্ট ভ্যানে যাত্রী নিয়ে মোল্লাডাঙা সড়ক দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিলেন। পথে ও যাত্রীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে সড়কের ওপর ফেলে রেখে পালিয়ে যায়। সমিরের গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।