Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেন্টমার্টিনে টানা ৫ দিন ট্রলার বন্ধ, সংকটে দ্বীপবাসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১৯:৪৪

সেন্টমার্টিনে টানা ৫ দিন ট্রলার বন্ধ, সংকটে দ্বীপবাসি

কক্সবাজার: বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে টানা ৫ দিন ধরে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

গত বৃহস্পতিবার সকাল থেকে সোমবার (৬ জুলাই) পর্যন্ত এই নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

জানা গেছে, টেকনাফ উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও জরুরি চিকিৎসাসামগ্রী টেকনাফ থেকেই সরবরাহ করা হয়। ফলে দীর্ঘদিন ট্রলার চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্যসংকটের শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় নিরাপত্তার স্বার্থে এই নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, এই নৌপথে নিবন্ধিত ২৬টি ট্রলারের মধ্যে প্রতিদিন রোটেশন পদ্ধতিতে দুই থেকে তিনটি ট্রলার চলাচল করত। কিন্তু সাগর উত্তাল থাকায় সব চলাচল স্থগিত আছে।

টিকিট বিক্রেতা ফারুক আহমেদ বলেন, ‘সতর্কসংকেত কেটে গেলে নৌচলাচল স্বাভাবিক হবে। বর্তমানে উভয় পাড়ে প্রচুর সাধারণ যাত্রী আটকে পড়েছেন।’

সবচেয়ে বড় বিপাকে পড়েছেন সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘বিগত ৫ দিন ধরে ট্রলার বন্ধ থাকায় স্থানীয়রা চরম সংকটে পড়েছেন। প্রতিবছর জুন-জুলাই মাসে এমন পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে কেউ গুরুতর অসুস্থ হলে টেকনাফে নেওয়ার উপায় থাকে না। এবার আবার পরীক্ষার্থীরা আটকে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা হয়েছে। শাহপরীর দ্বীপে অবস্থানরত কোস্টগার্ডের একটি বড় ট্রলারের মাধ্যমে সেন্টমার্টিনের পরীক্ষার্থীদের নিরাপদে টেকনাফে আনা যায় কি না, সে বিষয়ে কোস্টগার্ডের সঙ্গে আলোচনা চলছে।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ রাখতে হয়েছে। তবে সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থীদের সংকটের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে এবং পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর বিষয়ে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর