নাটোর: জেলার বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর কলেজ (গরমাটি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক রান্টু মিয়া উপজেলার গড়মাটি গ্রামের তফিজ উদ্দিনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার পুলিশ জানায়, রাজাপুর থেকে গরমাটি অভিমুখে যাত্রী নিয়ে একটি ইজিবাইক যাচ্ছিল। পথে রাজাপুর অনার্স কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক রান্টু মিয়া নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তৈলক্ষ ও শিপন নামে আরও দুই যাত্রীর মৃত্যু হয়। আহত অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটি পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকা থেকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।