হিলি: দিনাজপুরের হাকিমপুরে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এক বিশেষ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালে মাদক মামলার এক আসামিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া চুরি ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পৃথক দু’টি মামলায় আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) বিকেলবেলা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হাকিমপুর থানা এলাকায় পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের কারণে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন হাকিমপুর থানার পাউশ গাড়া গ্রামের মৃত আব্দুল হাবিল সরকারের ছেলে। সাজা ঘোষণার পর তাকে পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পৃথক আরেকটি অভিযানে চুরি ও চোরাই মাল হেফাজতে রাখার অভিযোগে মো. গোলাম রব্বানী (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নবাবগঞ্জ থানার গুনবিহার (পুটিমারা) গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
এ ছাড়াও, অন্য একটি মামলায় অগ্নিসংযোগ ও ক্ষতিকর অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মো. জিহাদ (২৮) নামের আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ‘অপরাধ দমনে থানা পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।’