সিলেট: সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মিনহাজ উদ্দিন সোনারহাট-লাখাট সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় অবস্থানরত ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বাংলাদেশে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মিনহাজ উদ্দিন সীমান্ত দিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য এনে দেশে বিক্রি করতেন। তবে ঘটনার সময় তিনি কী কারণে সীমান্ত অতিক্রম করেছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, মিনহাজ উদ্দিন ভারতের সীমান্তের প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলেন। সেখানে চুরি কিংবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে যাওয়ার সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বাংলাদেশে নিয়ে আসা হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত রয়েছে।’
পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে যান। পরে বিষয়টি পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষকে জানানো হয়।’
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘সীমান্ত এলাকায় এক যুবকের নিহত হওয়ার খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’