Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রীর ত্রাণ বিতরণের মঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ১৮:৩৬

মঞ্চ ভেঙে পড়ার মুহূর্ত।

চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে হঠাৎ অস্থায়ী মঞ্চ ভেঙে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মঞ্চে উপস্থিত নেতা-কর্মীরা নিচে পড়ে যান।

শুক্রবার (১৭ জুলাই) সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে গাড়ি থেকে নেমে মঞ্চে ওঠেন মন্ত্রী। এ সময় অতিরিক্ত সংখ্যক নেতা-কর্মী ও অতিথি মঞ্চে উঠে পড়লে সেটি ধসে পড়ে।

এ ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ উপস্থিত নেতারা নিচে পড়ে যান।

বিজ্ঞাপন

তবে সবাই নিরাপদে উঠে আসেন এবং কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার পর অর্থমন্ত্রী সেখান থেকে পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সাতকানিয়ার উদ্দেশে রওনা দেন।

এদিকে, মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ গ্রহণকে কেন্দ্র করে উপস্থিত মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের কয়েকজনকে দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন দোহাজারী বার্মা কলোনি এলাকার রাশেদা আক্তার (৬০), খাগরিয়া এলাকার আয়ুব আলী, গুচ্ছগ্রামের ঊর্মি আক্তার এবং দোহাজারী উল্লাপাড়া এলাকার আয়েশা আক্তার। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, ‘ত্রাণ বিতরণের সময় মঞ্চটি ভেঙে মন্ত্রীসহ উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে এতে কেউ তেমন আহত হননি। মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে আমি অবগত নই। কারণ, তখন আমি ঘটনাস্থল থেকে চলে এসেছিলাম।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর