Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, ‘মিন্টু বাহিনী’র প্রধান আটক

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ২৩:০৫

বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গোলাবারুদসহ ইমাম হোসেন মিন্টু আটক। ছবি: সংগৃহীত

কক্সবাজার: জেলার মহেশখালীর দুর্গম পাহাড়ে গড়ে ওঠা একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় কুখ্যাত ‘মিন্টু বাহিনী’র প্রধান ইমাম হোসেন মিন্টুকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড জানায়, পাহাড়ের ভেতরে গোপন আস্তানা গড়ে তুলে দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল ‘মিন্টু বাহিনী’। তাদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের জিম্মি করে চাঁদাবাজি, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

অভিযানের সময় কোস্ট গার্ডের সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেললে উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন বাহিনীর প্রধান ইমাম হোসেন মিন্টু। পরে তাকে আটক করা হয়। এরপর তার আস্তানায় তল্লাশি চালিয়ে একটি পূর্ণাঙ্গ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে বেশ কয়েকটি দেশীয় তৈরি এলজি, পাইপগান ও ওয়ান শুটার, বিপুল পরিমাণ তাজা কার্তুজ ও ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।

এ ছাড়া অস্ত্র তৈরিতে ব্যবহৃত লেদ মেশিন, ড্রিল মেশিন, লোহার পাইপ, স্প্রিংসহ বিভিন্ন যন্ত্রপাতি ও কাঁচামাল জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ইমাম হোসেন মিন্টুর বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র, ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর