Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে ডাকাতের কোপে নিহত ১, মালামাল লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১২:২৯

গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা

নরসিংদী: জেলার মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় সুরুজ মিয়া (৭২) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। এসময় লুট হয়েছে স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলবর্দী এলাকার শাজাহান মিয়ার ছোট ভাই মিলন মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত মিলন মিয়ার বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতি চলাকালে মিলন তার বড় ভাই শাহজাহানসহ কয়েকজনকে ফোন করে জানান ডাকাতি হচ্ছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে বাধা দিতে গেলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই শাহজাহান মিয়ার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় তার চাচা সুরুজ মিয়া। ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বিজ্ঞাপন

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

স্থানীয়দের অভিযোগ, মাধবদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ১০ জুলাই মাধবদীর কাঠালিয়া এলাকায় এক রাতে ৩টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় বিএনপির সাবেক সভাপতির ছেলে শাহাদাতের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও ৪৩ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাত দল। ওই ডাকাতির কোনো আসামি গ্রেফতার না হওয়ায় আবারও নতুন করে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এ ঘটনায় এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর