সিরাজগঞ্জ: জেলার কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে হযরত আলী (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার ভোরে বাড়ির পাশের প্লাবিত এলাকায় চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরতে নামেন হযরত আলী। একপর্যায়ে জালে আটকে থাকা মাছ ছাড়ানোর সময় লুকিয়ে থাকা একটি সাপ তাকে দংশন করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, এ বিষয়ে থানায় এখনও পর্যন্ত কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে যে সাপটি দংশন করেছে তার প্রজাতি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। কেউ এটিকে দাঁড়াশ সাপ বললেও অনেকে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। তবে চিকিৎসক বা বন বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর পানাগাড়ী বাঘগাড়ি পাড়া এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় সাপের উপদ্রব ও রাসেলস ভাইপার আতঙ্কে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে।