নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজিচালিত অটোরিকশার চাপায় আহত হন মো. সফি উল্লাহ (৬০) নামের এক কৃষক। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তার।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কবিরহাট থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) সকালে তার মৃত্যু হয়।
নিহত সফি উল্লাহ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে।
অন্যদিকে, দুর্ঘটনার পরপরই অভিযান চালিয়ে অটোরিকশার চালক মো. ইউসুফকে (২৭) আটক করে পুলিশ। তিনি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের আশরাফপুর গ্রামের মনির আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ব্যক্তিগত কাজে স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে কবিরহাট থানার সামনে আসেন সফি উল্লাহ। রাত সাড়ে ৯টার দিকে সড়ক পার হওয়ার সময় কবিরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়।
এসআই ইমদাদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’