সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকগোবিন্দপুর গ্রামে গভীর রাতে একটি গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্বৃত্তরা কৃষক নুরু আলমের গোয়ালঘরের তালা ভেঙে চারটি গরু নিয়ে পালিয়ে যায়।
ভোরে পরিবারের সদস্যরা গোয়ালঘরে গিয়ে গরুগুলো না দেখে হতভম্ব হয়ে পড়েন। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্বজনদের দাবি, গবাদিপশু পালনই ছিল নুরু আলমের পরিবারের প্রধান আয়ের উৎস। দীর্ঘদিনের কষ্টার্জিত সম্পদ এক রাতেই হারিয়ে পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে সলঙ্গা এলাকায় গরু চুরি, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সংখ্যা বেড়েছে। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত চুরি হওয়া গরু উদ্ধার, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা এবং রাতের পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম আলী বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।