Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে আগুন, ভ্যানচালকের দগ্ধ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১০:৩৬

টিসিবির গোডাউনে আগুন।

চাঁপাইনবাবগঞ্জ: নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর এক ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর গোডাউনের ভেতর থেকে এক ভ্যানচালকের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক নয়ন (১৮)  হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মাহবুবুল ইসলাম জানান, গোডাউনে আগুন লাগার খবর পেয়ে নাচোল ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারপর স্থানীয়দের সহযোগিতায় তালা খুলে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ডাল, তেল, চিনি ও অন্যান্য টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হলেও কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর গোডাউনে তল্লাশি চালিয়ে ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় নয়ন গোডাউনের ওপরতলায় উঠেছিলেন। পরে ঘন ধোঁয়ায় কিছু দেখতে না পেরে সেখানেই আটকা পড়েন এবং শ্বাসরোধ ও দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ ও সার্বিক বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর