Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৪:৩২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারে ট্রাকচাপায় আবু বক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নিমগাছী মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিমগাছীসহ আশপাশের বিভিন্ন হাটে মাছ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, সকালে আড়ত থেকে মাছ কিনে ফেরার সময় তার বহন করা একটি পাঙাশ মাছ সড়কে পড়ে যায়। মাছটি তুলতে সড়কে নামতেই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে এবং আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এএ