কুড়িগ্রাম: জেলার ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে এক মাদরাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সুপারের নাম সাইদুর রহমান। তিনি ভূরুঙ্গামারীর কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসা সুপার।
জানা গেছে, সাইদুর রহমান জাল সনদে কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসায় একজন শিক্ষক নিয়োগ দেন। এঘটনা রফিকুল ইসলাম নামের একব্যক্তি বাদী হয়ে জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্ত শেষ প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। সাইদুর আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করে আদালত।
ওয়ারেন্টের ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ মাদরাসা সুপার সাইদুরকে গ্রেফতার করে। সে এর আগেও একবার নিয়োগ জালিয়াতির মামলায় গ্রেফতার হয়েছিলেন। তার অপকর্ম ধামাচাপা দিতে নিজেকে একটি পত্রিকার সাংবাদিক দাবি করতেন।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘আদালতে দায়ের করা মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।’