Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রেমঘটিত বিরোধে বাকৃবিতে ২ হলের সংঘর্ষ, আহত ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ১৯:৩৬ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ ২১:০৬

বাকৃবি, ময়মনসিংহ।

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রেমঘটিত ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১টা থেকে শুক্রবার (২৪ জুলাই) দুপুর ৩টা পর্যন্ত চলা এ সংঘর্ষে অন্তত ১৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রেমঘটিত বিষয় নিয়ে দুই শিক্ষার্থীর মাঝে দ্বন্দের সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আশরাফুল হক হলের কয়েকজন শিক্ষার্থী শহীদ শামসুল হক হলের এক শিক্ষার্থীর কক্ষে গিয়ে তাকে হুমকি দেয়।

বিজ্ঞাপন

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৩টার দিকে শহীদ শামসুল হক হলের ৬০-৭০ জন শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে আশরাফুল হক হলে গিয়ে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। হামলায় হলের জানালার কাচ, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতি ভাঙচুর করা হয়। রাতে সংঘর্ষে অন্তত নয়জন শিক্ষার্থী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর শুক্রবার দুপুরে আব্দুল জব্বার মোড় এলাকায় আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুপুর আড়াইটার দিকে পুনরায় সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে আরও চারজন আহত হন।

বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারের কর্তব্যরত চিকিৎসক আহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘মধ্যরাতের সংঘর্ষের পর প্রক্টরিয়াল বডি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শুক্রবার জুমার নামাজের পর আবারও সংঘর্ষ শুরু হয়।’

তিনি বলেন, ‘তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনার তদন্তে দ্রুত একটি কমিটি গঠন করা হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর