Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে মালয়েশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ১৭:১৬

মতবিনিময় সভা।

পঞ্চগড়: পঞ্চগড়ে মালয়েশিয়ার প্রযুক্তিবিষয়ক ব্যবসাপ্রতিষ্ঠান ‘এমডিটি ইনোভেশনস এসডিএন বিএইচডি’-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, প্রযুক্তিগত সহযোগিতা ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। মালয়েশিয়ার এই শীর্ষস্থানীয় তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা পঞ্চগড় জেলাসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

পাশাপাশি পঞ্চগড়ে বিনিয়োগের ক্ষেত্রে যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

এ সময় মালয়েশীয় প্রতিনিধি দলের প্রধান ‘এমডিটি ইনোভেশনস এসডিএন বিএইচডি’-এর প্রধান পরিচালন কর্মকর্তা সিম হন ওয়াই এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা বিজয় শঙ্কর প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি, আইওটি সল্যুশন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।

তারা বাংলাদেশের প্রযুক্তিগত ও অবকাঠামোগত উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পঞ্চগড়ে সোলার প্ল্যান্ট নির্মাণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, চেম্বার অব কমার্সের প্রতিনিধি, আমদানি-রফতানিকারক সমিতির প্রতিনিধি, সিঅ্যান্ডএফ প্রতিনিধি, আমন্ত্রিত ব্যক্তি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।