Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মগনামায় সরকারি খাল থেকে ২১টি অবৈধ বাঁধ অপসারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ১৯:০৪

অবৈধ বাঁধ অপসারণ। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ঐতিহাসিক রূপাইখাল ও রঙিখাল থেকে দীর্ঘ প্রায় দেড় যুগ পর শত একর সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। প্রভাবশালী একটি মহল প্রবাহমান খালে কৃত্রিম বাঁধ নির্মাণ করে অবৈধভাবে দখল নিয়ে ব্যক্তি মালিকানায় চিংড়ি ঘের গড়ে তুলেছিল। এতে পানি চলাচল বাধাগ্রস্ত হয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে খনন করা রূপাইখাল ও রঙিখালের গভীরতা ছিল প্রায় ৫০ ফুট এবং প্রস্থ ছিল প্রায় ২০০-২৫০ ফুট। একসময় খাল দু’টি ছিল উন্মুক্ত ও প্রবাহমান। স্থানীয় ৪-৫ হাজার মানুষ এসব খালে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত। অতীতে খাল দু’টিতে কুমিরের বসবাসও ছিল বলে প্রবীণদের দাবি।

বিজ্ঞাপন

কালের পরিক্রমায় প্রভাবশালীরা খালের বিভিন্ন স্থানে কৃত্রিম বাঁধ নির্মাণ করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেখানে চিংড়ি ঘের স্থাপন করায় বর্ষা মৌসুমে মগনামা ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষ জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন। বাড়িঘরে পানি ঢুকে পড়ার পাশাপাশি চিংড়ি ঘের, লবণমাঠ ও ফসলি জমি তলিয়ে গিয়ে প্রতিবছর কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েন স্থানীয়রা।

সাম্প্রতিক বন্যার সময় ত্রাণ বিতরণকালে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে প্রবাহমান খাল থেকে সবধরনের অবৈধ বাঁধ অপসারণের উদ্যোগ নেওয়া হয়। তার নির্দেশনায় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরীর নেতৃত্বে চার দিনব্যাপী অভিযান পরিচালিত হয়।

অভিযানে অন্তত ২১টি কৃত্রিম বাঁধ অপসারণ করা হয়। একইসঙ্গে কংকরের পিলার, গাছের খুঁটি এবং মাছ ধরার অবৈধ জাল জব্দ করা হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের দখলমুক্ত হয়ে খাল দু’টির স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে।

অভিযান চলাকালে প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্যানেল চেয়ারম্যান বদিউল আলম, ইউপি সদস্য আমির উদ্দিন, মোকতার আহমদ, পেকুয়া থানা পুলিশ, গ্রাম পুলিশ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, ‘জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে ভবিষ্যতেও অবৈধ দখল ও বাঁধ নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই সরকারি খাল দখল করতে দেওয়া হবে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে মানুষ জিম্মি থাকবে না। পানি চলাচল স্বাভাবিক থাকলে মানুষকে জলাবদ্ধতায় ভুগতে হবে না। বাঁধ অপসারণ হলে মানুষের সীমাহীন কষ্ট ও দুর্ভোগ কমবে।’

এ ছাড়াও তিনি বলেন, ‘খাল দখলমুক্ত করে জনগণের স্বার্থ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনই আমাদের লক্ষ্য।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর