Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রবি’র ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ২৩:১৫ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১০:৫৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত বলেছেন, প্রতিষ্ঠার পর ১০ বছরে বিশ্ববিদ্যালয়টির যে অগ্রগতি প্রত্যাশিত ছিল, তার অনেকটাই অর্জিত হয়নি। তবে বিদ্যমান সমস্যাগুলো দূর করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থায় অনিয়ম-অব্যবস্থাপনা স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছিল। এসব অনিয়মের নেতিবাচক প্রভাব শিক্ষা ব্যবস্থার ওপরও পড়েছে।’ তিনি মন্তব্য করেন, দীর্ঘদিনের নানা ব্যর্থতা ও অব্যবস্থাপনার ফলেই জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

বিজ্ঞাপন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রসঙ্গে ড. এম এ মুহিত বলেন, ‘পরিবেশগত ও প্রশাসনিক কিছু জটিলতার কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়েছে। তবে সংশ্লিষ্ট সব বাধা দূর করে আইন ও বিধি অনুসরণ করে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য শুধু অবকাঠামো নয়, গবেষণা, সুশাসন, দক্ষ শিক্ষক এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।’ এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর তাহমিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়া। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর