ফরিদপুর: ফরিদপুরে একটি বাড়ির কাঁচা বাথরুমের স্ল্যাবের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ।
রোববার (২৬ জুলাই) দুপুরে মধুখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়ায় এ ঘটনা ঘটে।
ওই দিন দুপুর ২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মধুখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কঙ্কাল উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাড়ির মালিক মো.আলী আকবর মণ্ডলের (৮০) স্ত্রী মোছা. রওশনা বেগম (৫৫) বাথরুম ব্যবহারের জন্য গেলে স্ল্যাবের ওপর দাঁড়িয়ে অন্য দিনের তুলনায় অস্বাভাবিক কিছু অনুভব করেন। বিষয়টি তিনি স্বামীকে জানালেও প্রথমে তিনি গুরুত্ব দেননি।
পরে আলী আকবর মণ্ডল নিজেও বাথরুমের স্ল্যাবের নিচে বস্তাবন্দি অবস্থায় কিছু রয়েছে বলে সন্দেহ করেন। এরপর তিনি বিষয়টি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জানান। তারপর তারা ৯৯৯-এ ফোন করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মাফিজুর রহমান ও তার ফোর্স ঘটনাস্থল থেকে বস্তাটি উদ্ধার করেন। বস্তা খুলে দেখা যায়, এর ভেতরে এক নারীর কঙ্কাল রয়েছে। কঙ্কালটির মাথার খুলিটি মাঝারি আকারের, দীর্ঘ কালো চুলের অংশ পাওয়া গেছে এবং হাড়গুলোর বিভিন্ন জোড়া বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মারুফ হাসান জানান, পুলিশ কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বর্তমানে মধুখালী উপজেলায় কোনো নারী নিখোঁজ থাকার তথ্য থানায় নথিভুক্ত নেই।