লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সম্পত্তির জন্য আকলিমা আক্তার রোজি নামের এক নারীকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে তার ছেলে রাজু হোসেনের বিরুদ্ধে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে লক্ষীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোজি সাংবাদিকদের কাছে এ অভিযোগ জানান। এর আগে, রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার দেওপাড়া এলাকার পুরাতন মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত আকলিমা আক্তার রোজি ওই এলাকার ফল ব্যবসায়ী জহিরুল ইসলাম খোকনের স্ত্রী। অভিযুক্ত রাজু তার প্রথম সংসারের সন্তান।
ভুক্তভোগী রোজি জানান, রাজু দীর্ঘদিন ধরে তার কাছ থেকে জায়গা-জমি লিখে নেওয়ার চেষ্টা করছিলেন। এ নিয়ে একাধিকবার পারিবারিক বিরোধও সৃষ্টি হয়। তবে তিনি সম্পত্তি লিখে দিতে রাজি হননি। রোববার বিকেলে রাজু তার স্ত্রী তাসলিমাকে সঙ্গে নিয়ে এসে আবারও সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দেন। এতে রোজি রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে রাজু তার মাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।
রোজি বলেন, ‘সম্পত্তির জন্য রাজু আমাকে পিটিয়ে জখম করেছে। মারধরের পর সে আমার ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারও লুট করে নিয়ে গেছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
এদিকে ঘটনার পর থেকে রাজু হোসেন ও তার স্ত্রী পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।