বরিশাল: বরিশালের উজিরপুরে লাল শাপলার বিল দেখতে গিয়ে পানিতে ডুবে রাকিবুল (২১) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের মুড়িবাড়ি পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।
নিহত রাকিবুল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদ্রা গ্রামের মো. হালিম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ জন বন্ধু মিলে লাল শাপলা দেখতে ও বিলের সৌন্দর্য উপভোগ করতে একটি ছোটো নৌকা ভাড়া করে বিলে ঘুরতে যান। একপর্যায়ে নৌকাটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে গেলে রাকিবুল পানিতে পড়ে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন বিলে নেমে তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাকিবুল পানিতে পড়ে যাওয়ার পর বিলে থাকা স্থানীয় নারীরা চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ পৌঁছানোর আগেই নিহতের পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে চলে যায়।’
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’