রাজবাড়ী: সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, আলম সরদার (৪০), ইব্রাহিম শেখ (৪৪), বাহাদুর বিশ্বাস (৫৮), ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং রাজু আহমেদ টোকন (৪৫)।
জানা গেছে, র্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকার কৈডাঙ্গায় আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলাসহ মোট দু’টি মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং ডাকাতির মোট তিনটি মামলা রয়েছে।
তারা আরও জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও চলমান রয়েছে।