সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে তানিয়া ইসলাম (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মো. শাহ পরানের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নিজ বাড়ির একটি কক্ষ থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করে তাড়াশ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে প্রেমের সম্পর্কের পর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে শাহ পরানের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা গ্রামেই বসবাস করে আসছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার (২৭ জুলাই) রাতেও স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। মঙ্গলবার সকালে তানিয়ার নিথর দেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তানিয়াকে হত্যা করে শাহ পরান পালিয়ে গেছেন। তবে কী কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’