Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাইরে থাকলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৭:০৭

সদর মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে সন্ধ্যার পর অপ্রয়োজনে শিক্ষার্থীদের বাড়ির বাইরে না থাকার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অন্যথায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমাজ ও পরিবারের শান্তি নিশ্চিত করতে হলে সবার আগে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই মাদক প্রবেশ করতে না পারে, সে বিষয়ে পুলিশ, বিজিবি ও র‌্যাবকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘অভিভাবকদের অবশ্যই খেয়াল রাখতে হবে, সন্ধ্যার পর শিক্ষার্থীরা যেন অপ্রয়োজনে বাসার বাইরে না থাকে। অকারণে বাইরে অবস্থান করলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করবে।’ পাশাপাশি মাদক মামলার আসামিদের দ্রুত জামিনের সুযোগ সীমিত করতে আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ বলেন, ‘শুধু পুলিশের অভিযানে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। সন্তানদের অপরাধ থেকে দূরে রাখার প্রথম দায়িত্ব পরিবারের। তাই সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এ লড়াইয়ে সম্পৃক্ত হতে হবে।’

তিনি ব্রাহ্মণবাড়িয়াকে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যাতে মাদক ব্যবসা পরিচালনা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন বলেন, ‘সব ধর্মীয় গ্রন্থেই মাদক সেবন ও ব্যবসা নিষিদ্ধ। মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ।’ তাই দল-মত নির্বিশেষে সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম চপলের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মো. নুরুন্নবী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সাজেদুল হাসান, এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র পরিচালক আরিফ বিল্লাহ আজিজী এবং ‘মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই’ সংগঠনের মাহফুজুর রহমান পুষ্পসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং সাংবাদিকরা।

সমাবেশ শেষে বক্তারা সীমান্তপথে মাদক প্রবেশ বন্ধ, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, পরিবারের নজরদারি বৃদ্ধি, মাদকাসক্তদের পুনর্বাসন এবং মহল্লাভিত্তিক কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, এসব উদ্যোগের কার্যকর বাস্তবায়নের মাধ্যমেই মাদকমুক্ত ও শান্তিপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা সম্ভব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর