গোপালগঞ্জ: সদর উপজেলার বেদগ্রাম-রঘুনাথপুর সড়কে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমনচালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বেদগ্রাম রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রঘুনাথপুর থেকে একটি নসিমন বেদগ্রামের দিকে যাচ্ছিল। পথে বেদগ্রাম রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নসিমনটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে রাজু শেখসহ তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রাজু শেখের মৃত্যু হয়।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজু শেখ মারা যান। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।’
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’