Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৬ ১৮:০৩

লটারি কার্যক্রম। ছবি: সংগৃহীত

ঢাকা: গণপূর্ত অধিদফতরের ইতিহাসে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে (সিভিল) বদলি ও পদায়ন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, এ উদ্যোগের মাধ্যমে বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের আটটি বিভাগের উপ-সহকারী প্রকৌশলীদের কর্মস্থল ও শাখা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। পুরো কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম।

বিজ্ঞাপন

লটারির ফল অনুযায়ী ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৩১৭ জন, চট্টগ্রামে ১৩৩ জন, রাজশাহীতে ৭৩ জন, খুলনায় ৭৪ জন, বরিশালে ৪৪ জন, সিলেটে ৩৩ জন, ময়মনসিংহে ২৯ জন এবং রংপুরে ৬৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। তাদের গণপূর্ত অধিদফতরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম বলেন, ‘লটারিভিত্তিক বদলি কার্যক্রমের ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সঙ্গে মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি কার্যকর, আধুনিক ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা হলো।’

গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান বলেন, ‘প্রথমবারের মতো এ ধরনের লটারিভিত্তিক বদলি কার্যক্রম প্রকৌশলীদের মধ্যে আস্থা, সমতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপসচিবসহ গণপূর্ত অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহে একই পদ্ধতিতে গণপূর্ত অধিদফতরের ইলেক্ট্রোমেকানিক্যাল শাখার উপ-সহকারী প্রকৌশলীদের বদলি কার্যক্রমও লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর