বরিশাল: ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রার চালকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মাহিন্দ্রাটি বরিশাল থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হয়। পরে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা পুলিশ মাহিন্দ্রার দুইজন যাত্রীর মরদেহ উদ্ধার করে। আহত ৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার মো. আবুল কালাম বলেন, খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।