Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রেমের টানে নেত্রকোনায় চীনা যুবক, পরিণতি গড়াল বিয়েতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ১৭:৫৪

নবদম্পতি।

নেত্রকোনা: প্রেমের টানে চীন থেকে নেত্রকোনার মোহনগঞ্জে এসেছেন চীনা যুবক ওয়্যাং সুলিন (৩০)। পরে দুই পরিবারের সম্মতিতে মোহনগঞ্জের তরুণী নাজমিন আক্তার লিজাকে বিয়ে করেছেন তিনি। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণের সময় সুলিনের নাম রাখা হয়েছে মো. নূর উদ্দিন।

ওয়্যাং সুলিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা। তিনি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। অন্যদিকে নাজমিন আক্তার ওরফে লিজা (২০) মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ফেসবুকে তাদের পরিচয় হয়। পরে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নিলে দুই পরিবার এতে সম্মতি দেয়।

বিজ্ঞাপন

গত ১৮ জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিজার পরিবারের স্বজনেরা সুলিনকে গ্রহণ করে। পরে তাকে মোহনগঞ্জে লিজার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। ২১ জুলাই আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

লিজার বাবা মো. নাজিম উদ্দিন বলেন, ‘সুদূর চীন থেকে আসা ছেলে সুলিনের বাবা-মায়ের সঙ্গে কথা হয়েছে। তারা এ বিয়েতে সম্মতি দিয়েছেন। পরবর্তীতে চীনা দূতাবাসে গিয়েও তার সম্পর্কে অনুসন্ধান করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাননীয় স্থানীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) মোহনগঞ্জে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।’

চীনা যুবকের সঙ্গে লিজার বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর মোহনগঞ্জের দৌলতপুর এলাকায় উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। দূরদূরান্ত থেকে অনেকে নবদম্পতিকে দেখতে আসছেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করছেন, আবার কেউ নিচ্ছেন সাক্ষাৎকার।

লিজার পরিবার জানিয়েছে, দুই দেশের সীমান্ত পেরিয়ে গড়ে ওঠা এই সম্পর্কের পরিণতিতে এখন তাদের বাড়িতে উৎসবের পরিবেশ বিরাজ করছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর