কক্সবাজার: জেলার টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (৩১ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
আটক মাদক কারবারিরা হলেন— হ্নীলা জাদিমুড়া এলাকার মো. করিম (২৫), সদর ইউনিয়নের নাইংট্যম পাড়া এলাকার হাবিবুর রহমান (২৭)।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলার সীমান্ত সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ৬ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ৪৪৬ টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৫০ হাজার টাকা।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, আটক মাদক কারবারি এবং জব্দকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।